সাগর দেব, বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লা-সিলেট মহাসড়ক দ্রুত সংস্কার ও চার লেনে উন্নীত করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বুধবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা ধরে ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত নয়টি পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে সড়ক ও জনপথ (সওজ) ও পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা কর্মসূচি তুলে নেন, পরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব থাকলেও তা কার্যকর হয়নি। এছাড়া সড়কে অসংখ্য খানাখন্দ তৈরি হলেও মেরামত করা হচ্ছে না। এতে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সংকীর্ণ ও ভাঙাচোরা সড়কে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ও অঙ্গহানি ঘটছে। দ্রুত সংস্কার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
দেবপুর এলাকায় বিক্ষোভে বক্তব্য দেন ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন, যুবদল নেতা মোস্তফা কামাল, সমাজকর্মী আনোয়ারুল আজিম ও হারুনুর রশিদ মেম্বারসহ স্থানীয়রা।
এ সময় সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। দ্রুত মেরামতের কাজ শুরু করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সরে দাঁড়ান।
সওজ নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেছেন, কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করার সিদ্ধান্ত সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। তবে দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের কাজ শুরু হবে।


