মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
ভোটের আগেই কাজ, পদের আগেই সেবা — এমন দৃষ্টান্তই রাখলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ০৭ নং ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মালেক শাহ।
সিংহগ্রাম ও ফান্দাউকের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করে উদ্বোধন করেছেন তিনি। তাঁর এই উদ্যোগে আপাতত নদীর দুই পাড়ের মানুষের চলাচলে স্বস্তি ফিরেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীর কারণে সিংহগ্রাম ও ফান্দাউকের মানুষের যাতায়াতে দীর্ঘদিন ধরে ভোগান্তি চলে আসছিল। প্রতিদিন নানা প্রয়োজনে নদী পারাপার হতে গিয়ে দুর্ভোগে পড়তে হতো বাসিন্দাদের। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের জন্য বিষয়টি ছিল বেশ কষ্টকর।
এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন মালেক শাহ।
তাঁর এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে। দীর্ঘদিনের সমস্যার তাৎক্ষণিক সমাধানে এগিয়ে আসায় বিষয়টি এলাকায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ০৭ নং ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনাব মালেক শাহর নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। জনপ্রতিনিধি হওয়ার আগেই এলাকার মানুষের যাতায়াত সমস্যা সমাধানে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
জানা গেছে, জনাব মালেক শাহ দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। মানুষের প্রয়োজনে ব্যক্তিগত উদ্যোগে পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন তিনি।
সাঁকো নির্মাণের বিষয়ে জনাব মালেক শাহ বলেন, “মহান আল্লাহ পাক যদি আমাকে চেয়ারম্যান হিসেবে কবুল করেন, তাহলে আমি চেয়ারম্যান হবো। আর যদি কবুল না করেন, তবুও চেয়ারম্যান না হয়েও আমার এই সামাজিক কাজগুলো আজীবন করে যাবো। আমি চাই, আমার ইউনিয়নের মানুষ সবসময় ভালো থাকুক। মানুষের উপকারে আসতে পারাটাই আমার কাছে অনেক বড় কিছু।”
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হওয়া বা কোনো পদ-পদবির অপেক্ষায় না থেকে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান তিনি। এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সামর্থ্য অনুযায়ী পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয়দের প্রত্যাশা, বাঁশের সাঁকোর মাধ্যমে আপাতত যাতায়াতের দুর্ভোগ কমলেও নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।



