মোহাম্মদ কাজী সবুজ, খুলনা পাইকগাছা
পাইকগাছা-কয়রার উপকূলীয় এলাকায় নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ১৮ মাইল থেকে পাইকগাছা-কয়রার প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পাইকগাছা-কয়রা নাগরিক ফোরামের আয়োজনে গদাইপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। ফোরামের সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট সরোয়ার মাহবুব।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা গাজী ইসতেহাক, আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবকদল নেতা মো. ফারুক হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম নিরব, মাহফুজুর রহমান, ইউপি সদস্য জবেদ আলী গাজী, ওয়াহিদুজ্জামান মিন্টু, কৃষকদল নেতা শাহাবুদ্দিন, আব্দুস সামাদ, রজব আলী গাজী, কাজী মোস্তফা জয়নালসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, ত্রাণ বা সাহায্য নয়—উপকূলীয় এলাকাবাসীর প্রধান দাবি হচ্ছে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দ্রুত মেরামত না করলে যে কোনো মুহূর্তে প্লাবনে এলাকা তলিয়ে যেতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
প্রধান অতিথি রফিকুল ইসলাম রফিক বলেন, “এলাকাবাসীর প্রাণের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ। পাশাপাশি প্রধান সড়কের পাশে পানি নিষ্কাশনের জন্য ড্রেন এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে রাস্তা সংস্কার অত্যন্ত জরুরি।”
বক্তারা অবিলম্বে রাস্তা সংস্কার ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান।


