এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহ উদ্দিন আহমেদ এর নিজ ইউনিয়ন কে কক্সবাজার জেলায় পঞ্চম পৌরসভা গঠনের প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে পেকুয়া উপজেলার নির্দিষ্ট এলাকাকে পৌর এলাকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ ঘোষণা আসে।
প্রজ্ঞাপনের মূল বিষয়বস্তু:- সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩ ও উপধারা (১) এর ক্ষমতাবলে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার কিছু নির্দিষ্ট এলাকা নিয়ে নতুন পৌরসভা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে অন্তর্ভুক্ত করা হয়েছে- ০৪ নং পেকুয়া ইউনিয়নের পেকুয়া মৌজা জে.এল. নং ০৮ এর একাধিক দাগ নম্বর এবং মেহেরনামা মৌজা জে.এল. নং ০৭ এর নির্বাচিত অংশ
প্রজ্ঞাপনে উল্লেখিত দাগ নম্বরগুলো পর্যায়ক্রমে তালিকাভুক্ত করা হয়েছে, যা নতুন পৌর এলাকার ভৌগোলিক সীমানা নির্ধারণে সহায়ক হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী- এই প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ১ মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা যেকোনো ব্যক্তি সরকারের কাছে লিখিত আপত্তি জানাতে পারবেন।
প্রাপ্ত আপত্তি সমূহ সরকার ৩ মাসের মধ্যে নিষ্পত্তি করবে।
আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে পৌরসভার পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে।
নতুন পৌরসভা গঠিত হলে-
একজন মেয়র ও একাধিক কাউন্সিলর নিয়ে স্থানীয় সরকার কাঠামো গড়ে উঠবে, পৌর প্রশাসনের মাধ্যমে কর ব্যবস্থা, নগর পরিকল্পনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা পরিচালিত হবে
এলাকাটি ধাপে ধাপে গ্রামীণ থেকে নগর প্রশাসনে রূপান্তরিত হবে
স্থানীয়দের মতে, এই পৌরসভা গঠনের ফলে- সড়ক, ড্রেনেজ ও অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত হবে, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত হবে ।
বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বৃদ্ধি পাবে এবং পর্যটন সম্ভাবনাময় কক্সবাজার জেলার একটি নতুন নগর কেন্দ্র হিসেবে পেকুয়ার বিকাশ ঘটবে
জেলার পৌর ব্যবস্থাপনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে, বর্তমানে কক্সবাজার জেলায় চারটি পৌরসভা কার্যকর রয়েছে। নতুন এই ঘোষণা বাস্তবায়িত হলে জেলার পৌরসভার সংখ্যা বেড়ে পাঁচে উন্নীত হবে, যা জেলার নগরায়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পেকুয়াকে পৌরসভা হিসেবে গড়ে তোলার এই উদ্যোগ কেবল প্রশাসনিক পরিবর্তন নয়; এটি কক্সবাজার জেলার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক উন্নয়ন কৌশলের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। পরিকল্পিত বাস্তবায়ন নিশ্চিত হলে এটি ভবিষ্যতে একটি কার্যকর নগর কেন্দ্রে রূপ নিতে পারে। এদিকে উক্ত খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পেকুয়ায় সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়।


