ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং অতিদরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কিলোমিটার) খনন ও পুনঃখনন প্রকল্পের গত ১৮ এপ্রিলে উদ্বোধন করা হয়েছিল।
কিন্তু প্রকল্প বাস্তবায়নের ১ মাস ১৬ দিনের মাথায় কাজের মান ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অভিযোগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের উদ্দেশ্য ছিল খালের তলদেশ খনন করে জলপ্রবাহ স্বাভাবিক করা। কিন্তু বাস্তবে খালের বিভিন্ন স্থানে তলদেশ খননের পরিবর্তে দুই পাড়ে সীমিত আকারে মাটি কাটার কাজ হচ্ছে। ফলে প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সুবিধা কতটুকু অর্জিত হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, খালের বিভিন্ন অংশ এখনো পানিতে পরিপূর্ণ। স্থানীয়দের দাবি, এ অবস্থায় পূর্ণাঙ্গ খননকাজ কতটুকু সম্পন্ন হচ্ছে, তা স্পষ্ট নয়। এছাড়া প্রকল্পটি অতিদরিদ্র ৫৯৫ জন শ্রমিক কর্মসংস্থান কর্মসূচির আওতায় বাস্তবায়নের কথা থাকলেও মাঠপর্যায়ে ঘোষিত সংখ্যার তুলনায় শ্রমিক উপস্থিতি কম বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, “উদ্বোধনের সময় বলা হয়েছিল খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা দূর হবে এবং অনেক মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু এখন যে কাজ দেখা যাচ্ছে, তা নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। খাল এখনো পানিতে ভরা, আবার শ্রমিকও খুব বেশি দেখা যায় না।”
এলাকার আরও কয়েকজন গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দা অভিযোগ করেন, প্রকল্পের নকশা, শ্রমিক নিয়োগ এবং বাস্তবায়ন কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তাদের মতে, সরকারি অর্থে বাস্তবায়নাধীন এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির সুযোগ থাকা উচিত নয়।
এলাকাবাসী জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করে প্রকৃত অবস্থা যাচাইয়ের দাবি জানিয়েছেন।
একই সঙ্গে তারা প্রকল্পের কাজ নির্ধারিত পরিকল্পনা, কারিগরি মানদণ্ড এবং সরকারি নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানান।
সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, প্রকল্পের আওতায় এখন পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার খনন কাজ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সিডিউল অনুযায়ী কাজ চলমান রয়েছে ।


