নোমাইনুল ইসলাম,বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য এবং সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপেন দেওয়ান এমপি।
সোমবার (১৩ জুলাই) তিনি বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তন এবং উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজে স্থাপিত আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগের কথা শুনে দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দুর্গত মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এ সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নগদ অর্থ, চাল ও ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি আশ্রয়কেন্দ্রে খাদ্য সরবরাহ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বন্যা পরিস্থিতি, আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারের সংখ্যা এবং প্রশাসনের চলমান ত্রাণ কার্যক্রম সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুপ্তশ্রী সাহা ত্রাণ বিতরণ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দীন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


