নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে।
যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয় খুলেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর তারাবির নামাজের সময় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রায় ৩০–৩৫ জন যুবক কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা দেয়ালে শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি টাঙানোর পর ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’, ‘বিপুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ শ্লোগান দিতে থাকে। ঘটনার কিছু অংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দুই মিনিট ১৬ সেকেন্ডের ক্লিপ হিসেবে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, তালা ভেঙে ঢুকা যুবকরা বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তারা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর অনুসারী। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার বিতাড়িত হওয়ার পর থেকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।


