বেরোবি প্রতিনিধি
শিক্ষার্থীদের ব্যক্তিত্ব উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে গ্রীন ভয়েস বেরোবি শাখার উদ্যোগে শনিবার (২৩ আগষ্ট) বিশেষ সেশন “Way To Be Presentable & LinkedIn Professional” অনুষ্ঠিত হয়েছে।
সেশনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের প্রেজেন্টেশন দক্ষতা বৃদ্ধি ও লিঙ্কডিনকে পেশাদারভাবে কাজে লাগানোর কার্যকর কৌশল সম্পর্কে ধারণা দেওয়া। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।
সফল এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেরোবির লোকপ্রশাসন বিভাগের প্রভাষক ও গ্রীন ভয়েস বেরোবি শাখার উপদেষ্টা নিয়াজ মাখদুম, যিনি লিঙ্কডিন ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। অন্যদিকে, গ্রীন ভয়েস বেরোবি শাখার প্রতিষ্ঠানকালীন সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সোহানুর রহমান সোহান শিক্ষার্থীদের প্রেজেন্টেশন স্কিল উন্নয়ন বিষয়ে পরামর্শ দেন।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদেরকে প্রতিযোগিতামূলক অঙ্গনে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের সেশন আয়োজন অব্যাহত থাকবে।


