ফাহিমুল ইসলাম। মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার পুটিবিলা ওয়ার্ডের হাজী মোশাররফ আলী সড়কে সম্প্রতি এক হৃদয়বিদারক দৃশ্য দেখা গেছে। এলাকার এক মৃত ব্যক্তির জানাজার মাঠে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তখন স্বজনদের হাটু পানি ভেঙে খাটিয়ায় লাশ বহন করতে দেখা যায়। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও এই দৃশ্য জনমনে প্রশ্ন তুলে দিয়েছে—এটি কি উন্নয়নের জোয়ার নাকি বৈষম্যমূলক উন্নয়নের নির্মম প্রতিচ্ছবি?
স্থানীয়রা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি পানির নিচে পড়ে থাকলেও পৌর কর্তৃপক্ষ তা দেখেও না দেখার ভান করছে। অথচ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া থাকলেও পুটিবিলা ও আশপাশের এলাকাগুলো থেকে সেই উন্নয়ন আজও যেন দূরের স্বপ্ন।
অনেকে বলছেন, এটি হয়তো পৌর মেয়র মকছুদ মিয়ার পক্ষপাতমূলক বা হিংসার্থক দৃষ্টিভঙ্গির ফল। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি জনগণের দুঃখ-দুর্দশা না বোঝা যায়, তাহলে গণতন্ত্র ও জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থার মূল্য কোথায়?
জনগণ এখন একটাই প্রশ্ন করছে—“এই উন্নয়ন কার জন্য? কাদের জন্য প্রথম শ্রেণির পৌরসভা?”
এমন পরিস্থিতিতে পৌর কর্তৃপক্ষের নৈতিক দায়বদ্ধতা ও দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। রাস্তা সংস্কার, জলাবদ্ধতা নিরসন ও মানুষের মর্যাদাপূর্ণ চলাচল নিশ্চিত করা না হলে এই উন্নয়ন শুধুই কাগজে-কলমে থাকবে।


