বান্দরবান প্রতিনিধি,
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের আজিজনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পরদিন সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত মো. ইমরানকে আটক করে পুলিশে সোপর্দ করে। সে একই এলাকার নুর আহাম্মদ বাসির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভিকটিমের বাবা কাজের কারণে বাড়ির বাইরে ছিলেন এবং মা ছিলেন বড় মেয়ের ডেলিভারি সংক্রান্ত কাজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ সুযোগে ভিকটিমকে একা পেয়ে অভিযুক্ত ইমরান ধর্ষণ করে। ঘটনার দিন লজ্জা ও ভয়ের কারণে কিশোরী কাউকে কিছু জানাতে পারেনি। তবে সোমবার বিকেলে সে পাশের এক মামিকে বিষয়টি জানায়। পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যের সহায়তায় অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. আবুল হাসেম বলেন, ধর্ষণের বিষয়টি সোমবার সন্ধ্যায় জানতে পারি। পরে এলাকাবাসীদের নিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছি।
আজিজনগর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আহমেদ মোরশেদ জানান, আসামিকে ফাঁড়িতে আনার পর লামা থানায় পাঠানো হয়েছে। ভিকটিম ও তার পরিবারকেও থানায় নেওয়া হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে মেডিকেল চেকআপের জন্য পাঠানো হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।


