মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।
সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জেরে ধারালো দা দিয়ে কুপিয়ে সুধা রানী মন্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজা রমেশ মন্ডলের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের মা কমলা রানী মন্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডল (২৮) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রমেশ মন্ডল বাদঘাটা গ্রামের শ্রীদাম মন্ডলের ছেলে। আহত সমীর কুমার মন্ডল একই গ্রামের মধুসূদন মন্ডলের ছেলে এবং নিহত সুধা রানী মন্ডল তাঁর স্ত্রী।
প্রাথমিক তথ্যমতে, পারিবারিক কলহের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ মন্ডল তাঁর মা কমলা রানী মন্ডল, চাচি সুধা রানী মন্ডল ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপ দেন। এতে তাঁরা গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুধা রানী মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত সমীর কুমার মন্ডলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত কমলা রানী মন্ডল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোঃ শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


