হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পৌর সদর বাজারে ডালিম স্বর্ণ শিল্পালয়ে চুরির ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাত ৩টা থেকে সকাল ৬টার মধ্যে দোকানের টিনের চাল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে প্রায় ৬ ভরি স্বর্ণ ও ১০০ ভরি রুপার গয়না চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ১১ লাখ ৯০ হাজার টাকা।
দোকানের মালিক বদরুল আলম ডালিম জানান, রবিবার রাতে দোকান বন্ধ করে চলে যান তিনি। রাত ৩টা পর্যন্ত কারিগররা কাজ শেষে সার্টার ও কেচি গেটে তালা লাগিয়ে বাড়ি ফেরেন। সোমবার সকাল ৮টার দিকে দোকান খুলে ভেতরে প্রবেশ করলে তিনি দেখতে পান—ড্রয়ারের তালা ভাঙা, গয়না উধাও এবং জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।”


