মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা_
অদম্য মেধা আর ইচ্ছাশক্তি থাকলেও অনেক সময় দারিদ্র্য হয়ে দাঁড়ায় উচ্চশিক্ষার অন্তরায়। গাইবান্ধার সেই সব সংগ্রামী শিক্ষার্থীদের জন্য আশার আলো হয়ে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক। আবেদনের প্রেক্ষিতে এক মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম করতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই শিক্ষার্থীর হাতে সহায়তার অর্থ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
জানা গেছে, সংশ্লিষ্ট শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে নেওয়ার ক্ষেত্রে চরম আর্থিক সংকটে পড়ে জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন জানান। বিষয়টি নজরে এলে ডিসি তাৎক্ষণিকভাবে ওই শিক্ষার্থীর পারিবারিক ও শিক্ষা জীবনের খোঁজখবর নেন এবং বিশেষ তহবিল থেকে সহযোগিতার সিদ্ধান্ত নেন।
সহায়তা প্রদানকালে জেলা প্রশাসক বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো মেধাবী শিক্ষার্থী যেন কেবল অর্থের অভাবে ঝরে না পড়ে—সেটি নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। জেলা প্রশাসন সব সময় শিক্ষার্থীদের পাশে আছে।"
আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত ওই শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই সংকটময় মুহূর্তে ডিসি স্যারের এই সহায়তা আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার বড় অনুপ্রেরণা। ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করতে চাই।"
জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছে। কর্মকর্তাদের মতে, বিশেষ তহবিল থেকে এ ধরনের সহায়তা প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং বিত্তবানদেরও জনকল্যাণে উৎসাহিত করে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com