এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা এবং সদর উপজেলায় ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ত্রাণ বিতরণের চেয়ে দুর্যোগ-পূর্ব প্রস্তুতি ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ রোববার ১৯ এপ্রিল সকালে কক্সবাজারের সিপিপি জোনাল অফিস সেমিনার হলে আয়োজিত এক সভায় তাঁরা এসব কথা বলেন।
কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং আন্তর্জাতিক সংস্থা স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় ঘূর্ণিঝড় প্রস্তুতি এবং কমিউনিটি রেজিলিয়েন্স বিল্ডিং (CPCRB) প্রকল্প ২ – এর আওতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল স্লোগান ছিল – আগে যোগাযোগ, পরে ত্রাণ, ঘূর্ণিঝড়ে বাঁচবে জীবন ও প্রাণ ।
সেমিনারে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। এই ঝুঁকি মোকাবিলায় কেবল দুর্যোগ পরবর্তী ত্রাণ কার্যক্রম যথেষ্ট নয়। বরং অর্গানাইজেশনাল রেডিনেস অ্যান্ড ডিজাস্টার রিস্ক ফিন্যান্সিং – এর মাধ্যমে দুর্যোগ আসার আগেই আর্থিক ও সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন রাখা জরুরি। এতে করে মানবিক সংকট মোকাবিলা অনেক বেশি সহজ ও কার্যকর হয়।
সভায় ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে সমন্বয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়। বক্তারা উল্লেখ করেন, দুর্যোগের সময় সঠিক তথ্য দ্রুত তৃণমূল পর্যায়ে পৌঁছাতে পারলে জান-মালের ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের মধ্যে নিবিড় সমন্বয়ের কোনো বিকল্প নেই।
কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা সেমিনারে জানান, উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা ও আশ্রায়ন কেন্দ্রে বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি বিশেষ করে বৃদ্ধ, গর্ভবতী ও শিশুদের জন্য এবং দূর্যোগের আগাম ঝুঁকি অর্থায়নের মাধ্যমে দ্রুত সাড়াদানের লক্ষ্যে কাজ করছে এই প্রকল্প। স্টার্ট নেটওয়ার্কের কারিগরি সহায়তায় স্থানীয় পর্যায়ে এমন একটি কাঠামো গড়ে তোলা হচ্ছে, যাতে করে যে কোনো সংকটময় পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন করা যায়।
সভায় সিপিপি’র কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার মাঠ পর্যায়ের কর্মকর্তারা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা গুলোর এমন সমন্বিত উদ্যোগের প্রশংসা করেন।


