
জেলা প্রতিনিধি কক্সবাজার
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধারাবাহিক কূটনৈতিক ও মানবিক তৎপরতায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ৪১ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। নাফ নদীর শূন্য রেখা (জিরো লাইন) থেকে তাঁদের গ্রহণ করার পর টেকনাফ জেটি ঘাটে নিয়ে আসা হয়। ফেরত আসা এসব জেলেদের মধ্যে দেশীয় নাগরিকের পাশাপাশি এফডিএমএন (জোর পূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক) রয়েছেন।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের একটি প্রতিনিধিদল আজ (বৃহস্পতিবার) জেলেদের আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করে। এরপর টেকনাফ জেটিঘাটে সাংবাদিকদের ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) এই প্রত্যাবর্তন ও সার্বিক পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন।
কীভাবে ও কেন আটক হয়েছিলেন জেলেরা :-
ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক জানান, জীবিকার তাগিদে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে নৌকা নিয়ে গিয়েছিলেন এসব জেলে। সাগরে অবস্থানকালে বা মাছ ধরার একপর্যায়ে তাঁরা অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। ঠিক সেই সময় মিয়ানমারের জলসীমায় সক্রিয় আরাকান আর্মির সদস্যরা তাঁদের আটক করে নিয়ে যান। আটকের পর জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত বিভিন্ন স্থানে কিংবা কারাগারে সাজা দিয়ে আটক অবস্থায় রাখা হয়েছিল।
মানবিক বিবেচনা ও ধাপে ধাপে প্রত্যাবর্তন :-
আটক জেলেদের দীর্ঘদিন বন্দী থাকা এবং তাঁদের পরিবার-পরিজনের অসহায়ত্বের বিষয়টি তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আটক জেলেদের পরিবারের দিকে তাকিয়ে মানবিক বা হিউম্যানিটেরিয়ান দিক বিবেচনায় বিজিবি এই উদ্ধার ও প্রত্যাবর্তন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
তিনি আরও বলেন, মানবিক বিবেচনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগের ফলে আটক জেলেদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। সেই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে তাঁদের হস্তান্তরের সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পরিচয় যাচাই ও পরিবারে হস্তান্তর প্রক্রিয়া :-
বিজিবি জানিয়েছে, টেকনাফ জেটিঘাটে নিয়ে আসার পরই জেলেদের বিষয়ে প্রয়োজনীয় প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন প্রতিনিধি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ফেরত আসা ৪১ জনের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। প্রশাসনিক ও আইনগত যাচাই-বাছাই শেষে দেশে ফিরিয়ে আনা এসব জেলেকে দ্রুততম সময়ে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্বজনদের স্বস্তি ও বছরের হিসাব
দীর্ঘদিন ধরে নিখোঁজ বা আটক থাকা স্বজনদের ফিরে আসার খবরে সংশ্লিষ্ট জেলে পরিবারগুলোতে স্বস্তি ও আশ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। মানবিক দৃষ্টিকোণ থেকে আটক জেলেদের এ ধরনের প্রত্যাবর্তনকে সীমান্ত ও উপকূলীয় অঞ্চলের জন্য একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিজিবির তথ্য অনুযায়ী, আজ ফেরত আসা ৪১ জনসহ চলতি ২০২৬ সালে এ পর্যন্ত সর্বমোট ৩২৩ জন আটক জেলেকে বিজিবির উদ্যোগ ও প্রচেষ্টায় মিয়ানমার থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিজিবি উল্লেখ করেছে, এর আগে ফেরত আসা ৩২৩ জনের মধ্যে অধিকাংশ জেলেই গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে আটক হয়েছিলেন; পরবর্তীতে বিজিবির তৎপরতায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। এখনো যারা মিয়ানমারে আটক রয়েছেন, তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com