এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা আমির আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় বাংলাদেশ খেলাফত আন্দোলনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পর তিনি আবারও নিজের পুরোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরে এলেন।
আতিকুর রহমান নান্নু মুন্সী দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি, সামাজিক আন্দোলন এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমির হিসেবেও দায়িত্বে রয়েছেন।
রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বাংলাদেশ খেলাফত আন্দোলনে যোগ দিয়ে দীর্ঘ সময় দলটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ‘বটগাছ’ প্রতীক নিয়ে নির্বাচনেও অংশগ্রহণ করেন।
পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান প্রসঙ্গে নান্নু মুন্সী বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমেই আমার রাজনৈতিক পথচলার সূচনা হয়েছিল। ইসলামী মূল্যবোধ, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার যে আদর্শ আমি ধারণ করি, তার সবচেয়ে সুস্পষ্ট প্রতিফলন আমি ইসলামী আন্দোলনের মধ্যেই দেখতে পেয়েছি।”
তিনি আরও বলেন, “দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক আহ্বান, ভালোবাসা ও প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে আমি পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছি। ইনশাআল্লাহ, কোরআন-সুন্নাহর আলোকে ন্যায়ভিত্তিক, কল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অতীতের মতোই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
নান্নু মুন্সী বলেন, “ব্যক্তিগত স্বার্থ নয়, ইসলামের আদর্শ প্রতিষ্ঠা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। এ পথচলায় সকলের দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com