মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণা:
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার দীর্ঘদিনের যানজট নিরসন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং বাজারকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এ সড়ক বাস্তবায়িত হলে উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টায় কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত **‘কলমাকান্দা বাজারে বাইপাস সড়ক নির্মাণ ও বাজার উন্নয়ন বিষয়ে অংশীজনদের মতবিনিময় সভা’**য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, কলমাকান্দা একটি গুরুত্বপূর্ণ সীমান্ত জনপদ হলেও একমাত্র সড়কনির্ভর উপজেলা শহর হওয়ায় দীর্ঘদিন ধরে এখানে তীব্র যানজটের সমস্যা বিদ্যমান। এ পরিস্থিতি থেকে উত্তরণে পরিকল্পিত বাইপাস সড়ক নির্মাণ অত্যন্ত জরুরি। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাজারের ওপর যানবাহনের চাপ কমবে, যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য কলমাকান্দা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভবিষ্যৎ প্রজন্ম যেন এই উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাইপাস সড়ক ও মহাসড়ক নির্মাণের ফলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়বে এবং ভূমির মূল্য বৃদ্ধি পাবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
কলমাকান্দাকে একটি আধুনিক পৌর নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে পৌরসভা প্রতিষ্ঠা করা গেলে ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।
যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে শিক্ষা ও ক্রীড়ার বিকাশে গুরুত্বারোপ করে তিনি বলেন, আধুনিক স্টেডিয়াম, প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে।
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, জনগণের অর্থে নির্মিত প্রতিটি প্রকল্পে সর্বোচ্চ মান বজায় রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম যৌথভাবে সঞ্চালনা করেন।
সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম, উপজেলা এনসিপির সমন্বয়ক আহমেদ শফিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ডেপুটি স্পিকার প্রস্তাবিত বাইপাস সড়কের সম্ভাব্য এলাকা এবং কলমাকান্দা বাজার সরেজমিনে পরিদর্শন করেন। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যানজট সমস্যার স্থায়ী সমাধান হবে এবং কলমাকান্দার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com