
জেলা প্রতিনিধি,কক্সবাজার
দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে যানজট নিরসন ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কাগজে-কলমে এক গুচ্ছ পরিকল্পনা ও নিয়ম নীতির কথা বলা হলেও মাঠের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। শহর জুড়ে অনুমোদনহীন ব্যাটারি চালিত টমটম, ইজি বাইক ও সিএনজি চালিত অটো রিকশার দৌরাত্ম্যে যেমন জনজীবন স্থবির হয়ে পড়েছে, তেমনি ক্যাম্প ছেড়ে বাইরে আসা রোহিঙ্গাদের অবাধ বিচরণে স্থানীয় শ্রম বাজার হাত ছাড়া হচ্ছে এবং ভেঙে পড়ছে জেলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি। এমনকি জব্দ করা অবৈধ যানবাহন রাখার জন্য শহরে এখন পর্যন্ত কোনো ‘ডাম্পিং ইয়ার্ড’ (আটক রাখা কেন্দ্র) তৈরি না হওয়ায় ট্রাফিক পুলিশের অভিযানই অনেকটা অকার্যকর হয়ে পড়েছে।
জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সাম্প্রতিক এক নথি পর্যালোচনায় দেখা যায়, যানজট নিরসন ও অবৈধ যান নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন বেশ কিছু স্বল্প মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করেছে। গত ০৭ অক্টোবর ২০২৬ তারিখে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার স্বাক্ষরিত এই প্রতিবেদককে প্রদান করা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, লাইসেন্স বিহীন ও নিবন্ধনহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া অপ্রাপ্ত বয়স্ক ও রোহিঙ্গা চালকদের বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করণ, হলোগ্রাফিক কার্ড বিতরণ, সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি বৃদ্ধি এবং পর্যটন মৌসুমে বিশেষ ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়নের কথাও সেখানে বলা হয়েছে।
কিন্তু পুলিশের ওই নথিতেই মাঠ পর্যায়ের অসহায়ত্বের চিত্র ফুটে উঠেছে। প্রতিবেদনে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার উল্লেখ করেন, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ১০ম অধ্যায় ধারা-৬৫ মোতাবেক “মোটর যান ডাম্পিং ইয়ার্ড” স্থাপনের কথা থাকলেও কক্সবাজার জেলায় এখন পর্যন্ত কোনো ডাম্পিং ইয়ার্ড নেই। উক্ত বিষয়ে বিভিন্ন সময় জেলা আইন-শৃঙ্খলা মিটিং ও অন্যান্য ফোরামে আলোচনা অব্যাহত রয়েছে। অনাবধি ডাম্পিং ইয়ার্ড না থাকার কারণে ট্রাফিক বিভাগ, কক্সবাজার জেলায় ব্যাটারি চালিত ত্রি-হুইলার আটক করে রাখা সম্ভব হচ্ছে না বিধায় কাজের গতি বেগবান করতে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছে।
অনুমোদনের কয়েক গুণ বেশি যান সড়কে:-
অনুসন্ধান ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভার ভেতরে যে পরিমাণ তিন চাকার যানবাহন চলাচলের সক্ষমতা রয়েছে, বাস্তবে চলছে তার প্রায় ৮ থেকে ১০ গুণ। পৌরসভা কর্তৃপক্ষ চার হাজার টমটম লাইসেন্স দিলেও বর্তমানে শহরের ১১ কিলোমিটার প্রধান সড়ক ও অলিগলিতে ২০ থেকে ২৩ হাজারের বেশি ব্যাটারি চালিত ত্রি-হুইলার চলাচল করছে। এর বাইরে অনুমোদনহীন সিএনজি চালিত অটোরিকশা, ডাম্প ট্রাক, চাঁদের গাড়ি ও রেজিস্ট্রেশন বিহীন ‘রেন্ট-এ-বাইক’-এর দখলে চলে গেছে পর্যটন শহরের প্রধান সড়কগুলো।
শহরের লালদিঘীর পাড়, বার্মিজ মার্কেট, ঝাউতলা, কলাতলী ও হাসপাতাল সড়ক এলাকায় সরেজমিনে দেখা যায়, আধা কিলোমিটার থেকে এক কিলোমিটার পথ পাড়ি দিতেও ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যাচ্ছে। গোলদিঘীর পাড় এলাকার ব্যবসায়ী কিরণ পাল ক্ষোভ প্রকাশ করে বলেন, অটোরিকশা আর টমটমের জটে শহরে পা ফেলাই দায় হয়ে পড়েছে। এক কিলোমিটার পথ যেতে অনেক সময় দুই ঘণ্টাও লেগে যায়।’
শ্রমবাজার এখন রোহিঙ্গাদের দখলে:-
উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে বর্তমানে নিবন্ধিত ও নতুন অনুপ্রবেশকারী মিলিয়ে ১৪ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। ক্যাম্পের কাঁটাতারের বেড়া পেরিয়ে এসব রোহিঙ্গার বড় একটি অংশ কক্সবাজার শহর সহ পুরো জেলার শ্রম বাজার দখল করে নিয়েছে। রোহিঙ্গারা আন্তর্জাতিক সংস্থা গুলোর কাছ থেকে রেশন ও খাদ্য সহায়তা পাওয়ায় তারা স্থানীয় শ্রমিকদের তুলনায় অর্ধেক বা তারও কম মজুরিতে কাজ করতে রাজি হয়ে যায়। ফলে পরিবহন খাত টমটম ও অটোরিকশা চালনা, সাগরে মাছ ধরা, নির্মাণ কাজ, হোটেল-মোটেল ও কৃষি খাতে স্থানীয় দরিদ্র শ্রমিকেরা কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছেন।
বৈধ লাইসেন্সধারী টমটম চালক মানিক মিয়া বলেন, আমরা পৌরসভার ও পুলিশের অনুমতি নিয়ে গাড়ি চালাই। কিন্তু মালিকেরা কম জমায় ও সস্তা শ্রমে রোহিঙ্গাদের হাতে গাড়ি তুলে দিচ্ছে। ফলে সড়কে হাজার হাজার অবৈধ গাড়ি ও অদক্ষ রোহিঙ্গা চালক ঢুকে পড়ায় পুরো শহর অচল হয়ে যাচ্ছে, আর আমরা পেটের দায়ে বিপদে পড়েছি।’
আইন শৃঙ্খলার চরম অবনতি:-
সড়কের বিশৃঙ্খলা ও শ্রম বাজার দখলের পাশাপাশি কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার পেছনেও রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী গুলোর অগ্রণী ভূমিকা রয়েছে বলে আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা গেছে। জেলা পুলিশের পরিসংখ্যান ও গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসেই (জানুয়ারি-জুলাই) কক্সবাজারে যে পরিমাণ খুন, ধর্ষণ এবং বেশ কয়েকটি অপহরণ, শত শত ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। পর্যটন এলাকাসহ জেলায় প্রতিদিন গড়ে ১৫ থেকে ৩০টি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উখিয়া-টেকনাফের পাহাড় ও রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অন্তত সাতটি সশস্ত্র গোষ্ঠী ও অর্ধশত ডাকাত দল সক্রিয় রয়েছে, যাদের নেতৃত্বে রয়েছে রোহিঙ্গারা। ইয়াবা ও মাদক চোরাচালান, অপহরণ করে মুক্তিপণ আদায়, খুন এবং ভুয়া পরিচয়ে প্রতারণার মতো ভয়াবহ অপরাধে রোহিঙ্গাদের সম্পৃক্ততা আশঙ্কা জনক হারে বেড়েছে। স্থানীয় বাসিন্দারা এখন নিজ ভূমেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিস্থিতি সামাল দিতে সরকার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপরাধ দমনে দুটি সেনা ক্যাম্প স্থাপনেরও উদ্যোগ নিয়েছে।
প্রশাসনের বক্তব্য ও নাগরিকদের দাবি:-
কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সদস্য নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ রোহিঙ্গা চালকদের হাতে স্টিয়ারিং থাকায় যেমন যানজট ও দুর্ঘটনা বাড়ছে, তেমনি ক্যাম্প থেকে বেরিয়ে আসা অপরাধীদের কারণে পর্যটকদের নিরাপত্তাও চরম ভাবে বিঘ্নিত হচ্ছে।’
সার্বিক বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার তাঁর প্রতিবেদনে জানান, অপ্রাপ্ত বয়স্ক ও রোহিঙ্গা চালকদের দ্বারা ব্যাটারি চালিত ত্রি-হুইলার চালনা বন্ধে চালক ও মালিক উভয়ের জবাবদিহিতা নিশ্চিত করণ, জাতীয় পরিচয়পত্র ও বয়স যাচাই এবং সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বিত ভাবে কার্যক্রম অব্যাহত রাখা হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, বিআরটিএ ও পৌরসভার সাথে সমন্বয় করে মোবাইল কোর্ট ও যৌথ অভিযান জোরদার করার কথাও উল্লেখ করেন তিনি।
তবে নাগরিক সমাজ ও সচেতন মহলের মতে, কেবল কাগজে-কলমে পরিকল্পনা কিংবা বিচ্ছিন্ন অভিযানে এই সংকট কাটবে না। রোহিঙ্গাদের ক্যাম্পের ভেতরে কঠোর ভাবে আবদ্ধ রাখা, স্থানীয় শ্রম বাজার সুরক্ষা, দ্রুত ডাম্পিং ইয়ার্ড স্থাপন এবং সড়ক ও জনপদে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকর ও দৃশ্যমান কঠোর পদক্ষেপ না নিলে পর্যটন নগরী কক্সবাজারের অস্তিত্বই হুমকির মুখে পড়বে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com