
মোঃ মাকসুদুর রহমান শাকিল, জামালপুর প্রতিনিধি :
জামালপুরে মাদারগঞ্জে কানাডা পাঠানোর নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতারণার মাধ্যমে প্রতারকরা ১২ লাখ টাকা আত্মসাৎ করেছে ।বিচার চেয়ে অভিযুক্ত তারিকুল ইসলাম মাহবুবকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে ৪০৬/৪২০/১০৯ ধারায় জামালপুর সিআর আমলী আদালত মাদারগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, মাদারগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের হিদাগাড়ী এলাকার তোরাপ আলীর ছেলে শাহ আলম দীর্ঘদিন বাহরাইন এ ছিলেন । সেখানে থাকার সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে নীলফামারী জেলার সদর উপজেলার দীঘলডাংগী গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে শাকিল ও তরিফুল ইসলাম ওরফে মাহবুব এর সাথে পরিচয় হয়। সেই পরিচয় সুবাদে তাদের মধ্যে দীর্ঘদিন কথা বার্তা হওয়ায় শাহ আলমকে কানাডায় পাঠানোর জন্য ১০ লক্ষ টাকা দাবী করে। পরবর্তীতে শাহ আলম তার পরিবারকে বিষয়টি জানালে শাহ আলম এর বাবা ও ভাই এবং শাহ আলম
সরল বিশ্বাসে ১০ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তাদের দেওয়া বিকাশ নাম্বার ও ব্যাংক একাউন্টে মোট ৯ লক্ষ ৩৬ হাজার ৩ শত ৪০ টাকা প্রেরণ করেন। এদিকে তাদের এই টাকা গুলো উদ্ধার করে দেওয়ার নামে কেরানীগঞ্জ এর আলা উদ্দিন ১ লক্ষ ৪৫ হাজার ৩ শত ২০ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। পরে প্রতারণার স্বীকার হয়েছে বুঝতে পেরে টাকা ফেরত চাইলে তারা আজ না কাল বলে সময় কালক্ষেপণ করতে থাকে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের রফিকুল জানান, আমার ভাইকে কানাডা পাঠানোর নামে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে । আমি বাদী হয়ে কোর্টে মামলা করেছি। আমরা বিচার চাই।
এদিকে শাহ আলম জানান, আমরা ঋণ করে টাকাগুলো দিয়েছিলাম কানাডা যাওয়ার জন্য। আমাকে একটি ভুয়া ভিসা দিয়েছিল। পরে এম্বাসিতে গিয়ে দেখালে তারা জাল ভিসা বলে জানিয়েছে। এরা আমাদের সাথে প্রতারণা করেছে। আমরা টাকা ফেরত চাইলে তারা নানা হুমকি দেয়।
অন্যদিকে প্রতারক তরিফুল ইসলাম ওরফে মাহবুবকে একাধিকবার মুঠোফোনে কল দেওয়া হলে নাম্বারটি বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা শাখা(ডিবি ১) এর এসআই শাহজাহান সোমবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় জানান, তদন্ত চলছে। পাশাপাশি নাম ঠিকানা যাচাই বাচাই এর কাজ চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com