রতন রায় : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
তারিখ :৩০-৩-২০২৬
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার একটি মসজিদের নাম ও অবস্থান পরিবর্তন করে সম্মানী ভাতা প্রাপ্তির তালিকায় অন্তর্ভূক্তির অভিযোগ উঠেছে। ফুলবাড়ী ইউনিয়নের একটি মসজিদকে ভাঙ্গামোড় ইউনিয়নের মসজিদ হিসেবে দেখিয়ে অনৈতিকভাবে সংশ্লিষ্ট ভাতা উত্তোলনের পায়তারা চলছে বলে অভিযোগ করেছে বঞ্চিতরা।
স্থানীয় সূত্রে জানা যায়, তালিকাভূক্ত মসজিদটির প্রকৃত অবস্থান ফুলবাড়ী ইউনিয়নে হলেও কাগজপত্রে তা ভাঙ্গামোড় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। এ অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করে প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বঞ্চিত মসজিদ কমিটি ও এলাকাবাসী।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে
মসজিদের ঈমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সীমিত পরিসরে মাসিক ভাতা চালু করার লক্ষ্যে ঈদ-উল-ফিতর ২০২৬ এর পূর্বে তালিকা প্রণয়নের কাজ শুরু করে। এজন্য প্রতিটি ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা হতে ০১টি করে জামে মসজিদ নির্বাচনের জন্য ৩ সদস্যের উপজেলা কমিটি গঠন করে প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার সভাপতি, সমাজসেবা কর্মকর্তা সদস্য সচিব এবং ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজারকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। এ কমিটি রহস্যজনক কারণে ভাঙ্গামোড় ইউনিয়নের খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদের নাম তালিকাভুক্ত না করে ফুলবাড়ী ইউনিয়নের খরিবাড়ী বাজার পুরাতন জামে মসজিদের নাম তালিকাভুক্ত করে বলে অভিযোগ উঠেছে। অথচ ফুলবাড়ী সদর ইউনিয়নের কাচারিমাঠ জামে মসজিদকেও এ তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। সদর ইউনিয়নের দুটি মসজিদকে তালিকাভূক্ত করে বঞ্চিত করা হয়েছে ভাঙ্গামোড় ইউনিয়নকে।
ফলে ভাঙ্গামোড় ইউনিয়নের মসজিদের ইমাম ও মোয়াজ্জিনগণ সরকারি এই গুরুত্বপূর্ণ অনুদান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
১৭ বছর ধরে খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদের মুয়াজ্জেনের দায়িত্ব পালনকারী আবুল কাসেম ক্ষোভের সঙ্গে জানান, পার্শ্ববর্তী ফুলবাড়ী ইউনিয়নের একটি মসজিদকে ভাঙ্গামোড় দেখিয়ে ভাতাপ্রাপ্তির তালিকাভূক্ত করা হয়েছে। এ দূর্নীতির মাধ্যমে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা এর প্রতিকার চাই।
খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদের মুসল্লী বেলাল হোসেন, আবুল হোসেন ও কাসেম জানান, একটি মসজিদের নাম নির্বাচনে যদি এত দুর্নীতি হয়ে যায় তাহলে আমরা কোন দেশে আছি, আমরা চাই দ্রুত তদন্তপূর্বক এই মসজিদটি অন্তর্ভুক্ত করা হোক।
তালিকাভুক্ত খরিবাড়ী বাজার পুরাতন জামে মসজিদের মুয়াজ্জিন সাইফুর রহমান জানান, এ মসজিদটি ফুলবাড়ী ও বড়ভিটা ইউনিয়নের মাঝামাঝি পড়েছে। ভাঙ্গামোড় ইউনিয়নের মধ্যে পড়েনি।
খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার জানান, সরকারের নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে একটি করে মসজিদের ঈমাম, মুয়াজ্জিন সম্মানী পাবেন। এক্ষেত্রে ভাঙ্গামোড়কে বঞ্চিত করা অনৈতিক। সরেজমিন পরিদর্শন করে প্রাপ্যতা অনুসারে ভাঙ্গামোড় ইউনিয়নের খড়িবাড়ী বাজার শাহী জামে মসজিদকে তালিকাভুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তিনি।
ইসলামিক ফাউন্ডেশনের ফুলবাড়ী উপজেলার
সুপারভাইজার রাশেদুল ইসলাম জানান,মাঠ পর্যায়ের জরিপকারীরা আমাদেরকে যা দিয়েছে সে অনুযায়ী আমরা তালিকা প্রস্তুত করেছি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতারের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এ ব্যাপারে কিছুই জানি না। পড়ে ইসলামিক ফাউন্ডেশনে তাঁর স্বাক্ষরে ফরওয়ার্ড করা চিঠির কপি দেখালে তিনি বলেন, স্বাক্ষর করেছি কিন্তু পুরো চিঠিটি পড়ে দেখিনি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি জানান,বিষয়টি জেনেছি, ফুলবাড়ী উপজেলা থেকে সঠিক তদন্ত করে তালিকা পাঠালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠানো হবে।


