মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, ( চট্টগ্রাম) প্রতিনিধি :
প্রখ্যাত আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও কুমিল্লার বিশিষ্ট দ্বীনি ব্যক্তিত্ব শায়খুল হাদীস আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.)।
বুধবার (১৪ অক্টোবর) এক শোকবার্তায় তিনি বলেন, আল্লামা নূরুল হক বটগ্রামীর ইন্তেকালে দেশের ইলমি ও দ্বীনি অঙ্গনে, বিশেষত কুমিল্লার উলামায়ে কেরাম, তালিবে ইলম ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, নিবেদিতপ্রাণ মুহাদ্দিস, অভিজ্ঞ দ্বীনি অভিভাবক ও সজ্জন বুজুর্গ। দীর্ঘ জীবন তিনি ইলমে দ্বীনের শিক্ষা-প্রসার, হাদীসের দরস এবং দ্বীনি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও বিকাশে ব্যয় করেছেন। তাঁর ইলমি অবদান, আমল-আখলাক ও দ্বীনের প্রতি নিষ্ঠা পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী (দা.বা.) বলেন, আল্লামা নূরুল হক বটগ্রামী ছিলেন কুমিল্লার দ্বীনি অঙ্গনের শ্রদ্ধাভাজন মুরুব্বি। শিক্ষকতা, হাদীসের দরস প্রদান এবং অসংখ্য আলেম ও দ্বীনি ব্যক্তিত্ব গড়ে তোলার মধ্য দিয়ে তিনি যে খিদমত আঞ্জাম দিয়েছেন, তা দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো অভিজ্ঞ ও প্রজ্ঞাবান আলেমের প্রস্থান শুধু একটি অঞ্চলের জন্য নয়, বরং দেশের সামগ্রিক দ্বীনি অঙ্গনের জন্যও বেদনাদায়ক ক্ষতি। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং দ্বীনের খিদমতে তাঁর জীবনব্যাপী সাধনা আল্লাহর দরবারে কবুল হোক- এটাই আমাদের আন্তরিক কামনা।
তিনি মরহুমের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা তাঁর যাবতীয় ইলমি ও দ্বীনি খিদমত কবুল করুন, জীবনের সব ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ছাত্র-শিষ্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এ গভীর শোক সইবার এবং সবরে জামিল অবলম্বন করার তাওফীক দান করুন। আমীন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com