
এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে সাড়ে ৫ কেজি ভারতীয় রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা।
কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুরের সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত ব্যাগ থেকে ৫ কেজি ৫০০ গ্রাম ওজনের ভারতীয় রুপা জব্দ করা হয়।
জব্দ করা রুপার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭৭ হাজার ১০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার সুবেদার মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন--আমরা নিয়মিত সীমান্ত এলাকায় টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছি। যে কোনো মূল্যে চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা রুপা পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com