এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ন্ত্রণ হারানো একটি মালবাহী পিকআপ ভ্যানের চাপায় ওমর ফয়সাল (১০) নামে এক রোহিঙ্গা শিশুর নির্মম মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭ জন রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন। সোমবার ১৮ মে বিকেল ৫ টার দিকে উখিয়ার মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ৩ নম্বর ক্যাম্পের মোচরা বাজার সংলগ্ন এফ/৭২ ব্লক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর চালক দ্রুত পালিয়ে গেলেও স্থানীয় রোহিঙ্গারা ঘাতক পিকআপটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে একটি মালবাহী পিকআপ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ক্যাম্পের আরটিএম হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কা জনক অবস্থায় রোহিঙ্গা শিশু ওমর ফয়সালকে আইআরসি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওমর ফয়সাল ৩ নম্বর ক্যাম্পের ই/৫৭ ব্লকের বাসিন্দা আব্দুল হামিদের পুত্র। তার এফসিএন নম্বর ১৮৬৮৮৩।
ভয়াবহ এই দুর্ঘটনায় আহত অন্য সাতজনকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— সাইফুল আলম (১৬), নুরুল ইসলাম (২৬), আব্দুর রহমান (৪০), মোহাম্মদ ইলিয়াস (৪৭), আবদুল্লাহ (৫৪), করিম উল্লাহ (৩৫) ও মোহাম্মদ খলিল (৫৮)।
মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে চালক পলাতক থাকায় তাকে এখনও আটক করা সম্ভব হয়নি। চালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
এদিকে এই ঘটনার পর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বেপরোয়া গতিতে যান চলাচল নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও নতুন করে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। ক্যাম্পের বাসিন্দা ছৈয়দ আলম অভিযোগ করে বলেন, ক্যাম্পের ভেতরের সড়কগুলো অত্যন্ত সংকীর্ণ ও জনবহুল। এমন ঘনবসতিপূর্ণ এলাকায় ভারী ও মালবাহী যানবাহনগুলো যেভাবে অনিয়ন্ত্রিত ও বেপরোয়া গতিতে চলাচল করে, তাতে প্রায় সময়ই এমন রক্তক্ষয়ী দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। ক্যাম্পের ভেতরে নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com