
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম) প্রতিনিধি :
গণহত্যাকারী পতিত ফ্যাসিস্ট আ.লীগের ব্যাপারে ভিকটিম শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
শনিবার ( ২১ নভেম্বর) সংবাদমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তারা বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতাকর্মীরা ইন্ডিয়ায় পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করবো ইনশাআল্লাহ। তাদের বাংলাদেশবিরোধী এজেন্ডার অনুকূলে যেসব মিডিয়াকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে বলে আমরা মনে করি না।
তারা আরো বলেন, পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহতরা এখনো ন্যায়বিচারের জন্য অপেক্ষমান। তাদের ন্যায়বিচারের কথা না ভেবে যারা বিভিন্ন টকশো ও প্লাটফর্মে এখনো পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের এজেন্ডা অনুসারে কথা বলে, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে বলে আমরা মনে করি। অতীতেও ফ্যাসিস্ট আ.লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল এবং ৯৬-তে প্রতারণামূলক ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও তারা শোধরায়নি। ফলে দলটির ব্যাপারে বিগত শাসনকালে তাদের নৃশংস ফ্যাসিবাদের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই।
হেফাজত নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে পনেরো বছর গুম-খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক লেজিটিমেসি থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে। ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে ফ্যাসিস্ট আ.লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
তারা আরো বলেন, প্রভু রাষ্ট্রের বহু চেষ্টা-তদবিরেও এখনো তৃতীয় কোনো রাষ্ট্র মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত অপরাধী হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি। কোনো সভ্য রাষ্ট্র এমন ঘৃণ্য অপরাধীকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না বলেই আমাদের ধারণা। দ্য গার্ডিয়ান সম্প্রতি গণহত্যাকারী শেখ হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ হিসেবে তুলে ধরেছে। দ্য ইকোনমিস্ট হাসিনার শাসনকালকে ‘নিকৃষ্ট শাসন’ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও হাসিনার চরিত্র আজ উন্মোচিত। ইতিহাস এভাবেই দাম্ভিক ও মাফিয়া শাসকের পরিণতি লিখে দেয়।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com