মোঃ রেজাদুল ইসলাম রেজা
স্টাফ রিপোর্টার
গাইবান্ধায় এক গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে ধারণ করা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও পর্নোগ্রাফি ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মামলার প্রধান আসামি মো. জাহাঙ্গীর হাসানকে (৩৬) রাজধানী ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এসআরবির মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান।
মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর হাসান ওই গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করেন। পরবর্তীতে তা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন। ভুক্তভোগী ও তার স্বামী পোস্টটি মুছে ফেলার অনুরোধ করলে সে ক্ষিপ্ত হয়ে আরও অশ্লীল ছবি পোস্ট করার হুমকি দেয়।
এরপর গত ৩ জুলাই দুপুর পৌনে ১টার দিকে অভিযুক্তের ব্যবহৃত নম্বর থেকে ওই গৃহবধূর মোবাইলে ফোন করে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ছবিগুলো অনলাইনে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
পরে ওই ভুক্তভোগী গৃহবধূর স্বামী ৯ জুলাই গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর: ১৮। মামলার পর অভিযুক্ত গা ঢাকা দেয়। অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নামে এসআরবি। শুরু করে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি।
এর ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে এসআরবি-১৩ (সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প) এবং এসআরবি-১ (সিপিএসসি, উত্তরা, ঢাকা)-এর একটি চৌকস যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার জাহাঙ্গীর হাসান গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার জাহাঙ্গীরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com