
মোঃ রেজাদুল ইসলাম রেজা জেলা প্রতিনিধি গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের আলাই নদীর দক্ষিণ পারের এলাকায় সড়ক ও ফুটপাত দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাদিয়াখালী ইউনিয়নের আলাই নদীর উপর নির্মিত ব্রিজের দক্ষিণ পার্শে রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার (২২ সেপ্টেম্বর ২০২৫) সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে ওঠে এবং এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
উল্লেখ্য, এর আগেও অবৈধ দখলদারদের বিরুদ্ধে এবং যানজট নিরসনে বাংলাদেশ সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্পের একটি টিম অভিযান পরিচালনা করেছিল। তবে এরপর থেকে প্রশাসনের আর কোনো নজরদারি দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের।
এজাহার সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের রামনাথেরভিটা গ্রামের মো. হানিফ উদ্দিনের ছেলে মোঃ শরিফুল ইসলামের সঙ্গে একই গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. আয়নাল মিয়া (৪০), মিন্টু মিয়া (৩৬), মিঠুন মিয়া (৩২) ও লাভলী বেগমসহ তাদের সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠানের জমি দখল নিয়ে বিরোধ চলছে বলে জানা যায়।
ঘটনার দিন সকালে ইউপি সদস্য মো. জবেদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে বিষয়টির মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু সমাধান না হওয়ায় আয়নাল মিয়া ও তার সহযোগীরা শরিফুল ইসলাম ও তার পিতাকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৮–১০ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন।
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পক্ষ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, দ্রুত এসব সড়ক ও জনপদের জায়গা দখলকারী ও ভুমি দস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com