এ কে হাসান জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের চকরিয়ায় পৈত্রিক বসত ভিটার গাছ কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নুরুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। তিনি আলাদা ভাবে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হরিখোলা এলাকায় বসবাস করতেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই আব্দুর রহিম (৪২) পলাতক রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে আব্দুর রহিম পৈত্রিক বসত ভিটার গাছপালা বিক্রির উদ্দেশ্যে কাটতে শুরু করেন। খবর পেয়ে বড় ভাই নুরুল ইসলাম ঘটনাস্থলে এসে গাছ কাটার প্রতিবাদ করেন ও বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাই নুরুল ইসলামের পায়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুটাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এমইউপি নাছির উদ্দিন। তিনি বলেন, গাছ কাটা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পরপরই আব্দুর রহিম পালিয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিক চকরিয়া থানা পুলিশকে জানানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে অভিযুক্ত আব্দুর রহিম পলাতক থাকায় তাকে তাৎক্ষণিক ভাবে আটক করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক আব্দুর রহিমকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই মর্মান্তিক পারিবারিক বিরোধের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com