
নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকতা এখন যেন কারও কারও কাছে পেশার চেয়ে পরিচয় ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিলের হাতিয়ার হয়ে উঠেছে। বাস্তবতা হলো, আজকাল অনেক পেশাদার সাংবাদিকের চেয়ে কিছু কথিত সাংবাদিকের গাড়ি, প্রভাব-প্রতিপত্তি আর দাপটই বেশি চোখে পড়ে!
অনলাইন পোর্টালে কাজ করলেই নিজেকে সাংবাদিক দাবি, নিবন্ধনহীন আইপি টিভিতে যুক্ত হয়েই সাংবাদিক পরিচয়, আবার সাংবাদিকতায় ন্যূনতম অভিজ্ঞতা অর্জনের আগেই বিভিন্ন ভুঁইফোড় সংগঠনের ব্যানারে নেতা বনে যাওয়ার প্রবণতাও বাড়ছে।
এরপর শুরু হয় পরিচয়ের দাপট, থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, ভূমি অফিস থেকে শুরু করে চায়ের দোকানদার পর্যন্ত—কেউ যেন তাঁদের কথিত সাংবাদিক পরিচয়ের প্রভাব থেকে রেহাই পান না। কোথাও পরিচয়ের দাপট, কোথাও অযাচিত হস্তক্ষেপ, আবার কোথাও ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের চেষ্টা।
অথচ সাংবাদিকতা কোনো জ্যাকেট, স্টিকার কিংবা বুমের নাম নয়, এটি একটি দায়িত্বশীল পেশা, এর সঙ্গে জড়িয়ে আছে সততা, নৈতিকতা, পেশাগত দক্ষতা, জবাবদিহি ও মানুষের প্রতি দায়বদ্ধতা।
সাংবাদিক পরিচয় বহন করার আগে সাংবাদিকতার মর্যাদা বোঝা জরুরি। কারণ, কয়েকটি সরঞ্জাম আর একটি পরিচয়পত্র দিয়ে সাংবাদিক হওয়া যায় না, সাংবাদিক হতে হলে অর্জন করতে হয় বিশ্বাসযোগ্যতা, তৈরি করতে হয় পেশাগত গ্রহণযোগ্যতা।
সাংবাদিকতার পরিচয় হোক কাজের মাধ্যমে, দাপট দেখানোর হাতিয়ার হিসেবে নয়।
আরেকটি বিষয় বর্তমান সময়ে দেখা যায়, কিছু নামধারী কথিত সাংবাদিকরা নিজেদের স্বার্থের জন্য সঠিক প্রতিবেদন কে প্রশ্ন বৃদ্ধ করতে প্রতিবাদ প্রতিবেদন করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে।
এই ধরনের একটা ঘটনা আমার নিজের সাথে হয়েছে, আমি একটা সরকারি দপ্তরের বিরুদ্ধে পর পর দুটি অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করি, হটাৎ শুনতে পাই যে, মফস্বলের এক পত্রিকার কয়েকজন সাংবাদিক ওই অফিসে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে গোপনে আলোচনা করে মোটা অংকের অর্থ নিয়ে একটা মন গড়া প্রতিবাদ প্রতিবেদন করে দিয়েছে।
তাহলে এখন প্রশ্ন হলো অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে হয়, জীবনের ঝুঁকি নিয়ে আর সেই জীবনের ঝুঁকিকে কথিত সাংবাদিকরা টাকার বিনিময়ে যোগ্যদের বঞ্চিত করে তার নিজের পকেটে টাকার পূজি করার নামই কি সাংবাদিকতা?
সাংবাদিকতার নামে অপেশাদারিত্ব ও ব্যক্তিস্বার্থের চর্চা বন্ধ হোক,প্রকৃত সাংবাদিকদের সম্মান ও পেশার মর্যাদা অক্ষুণ্ণ থাকুক।
মোঃ মিন্টু শেখ
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি সি পি সি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এবং জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা পত্রিকার নির্বাহী সম্পাদক।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com