
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী জেলাগুলোর প্রবেশপথে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানান।
লকডাউন বা কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো আশঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোপালগঞ্জের পার্শ্ববর্তী ও সীমান্তবর্তী সব জেলায় চেকপোস্ট বসানো হয়েছে। ফলে অন্য জেলা থেকে কেউ এসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ চেকপোস্টের মাধ্যমে তা প্রতিহত করতে তৎপর রয়েছে। গোপালগঞ্জবাসীকে নিরাপদ রাখতেই পুলিশের সব ধরনের কার্যক্রম অব্যাহত আছে।
আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সম্পূর্ণ তৎপর রয়েছে। আইনবহির্ভূত যেকোনো বিষয়ে পুলিশ তার আইনানুগ প্রক্রিয়া ও অভিযান অব্যাহত রাখবে।
এ সময় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করে বলেন, প্রত্যাহারের তথ্যটি সঠিক নয়। ওই কর্মকর্তাকে গোপালগঞ্জ থেকে ফেনী জেলায় বদলি করা হয়েছে। পুলিশের বদলি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ ব্রিফিংয়ের সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com