
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। তদন্তের পর প্রতিবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাদের ছাড়পত্র (টিসি) দেওয়া হয়।
গোপালগঞ্জ জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. জিয়াউর হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, গত ৬ অক্টোবর দুপুরে স্কুলে টিফিন পিরিয়ডের পর শ্রেণিকক্ষের করিডরে জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয় স্কুলটির অষ্টম, নবম ও দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী। পরে সেই ভিডিও মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
এ ঘটনার পর দিন গত ৭ অক্টোবর স্কুলের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। স্কুলের সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে বুধবার (৪ নভেম্বর) তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হলে ওই ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক ইকবাল হোসেন বলেন, স্কুলে রাজনৈতিক স্লোগান দেওয়ার পর ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্কুল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক মো. জিয়াউর হক বলেন, গত ৬ অক্টোবর স্কুলের ভেতরে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের স্লোগান দেয় কিছু শিক্ষার্থী।
এসময় আমি নামাজে ছিলাম, পরে নামাজ থেকে আসার পরে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে ফোন করে মিছিলের বিষয়ে জানতে চায়। পরে আমি অন্যান্য শিক্ষকদের কাছে শুনে বিষয়টি নিশ্চিত হই যে, স্কুলে এই ধরনের মিছিল বা স্লোগান দেওয়া হয়েছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com