ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর ঘাট সংলগ্ন একটি অনাবাদী জমি থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত গভীর রাতে (১৯ মে) উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার শালিকাদহ গ্রামের মো. রবিউল ইসলাম (৩৩), উপজেলার চন্ডিদাসপুর গ্রামের মো. রেজাউল করিম (৩৫) এবং রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জুনুদেপাড়া গ্রামের মো. আবেদ আলী (৬০) ও ঠাকুরদাস লক্ষীপুর গ্রামের মো. সাদেকুল ইসলাম ওরফে শফিক (৩৫)।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ঘোড়াঘাট থানার এসআই মো. মামুনুর রশিদ তোকদারের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় বিশেষ অভিযানে ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শালিকাদহ করতোয়া নদীর ঘাট সংলগ্ন জনৈক তাসাদুল ইসলামের অনাবাদী জমিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতেনাতে ওই চারজনকে গ্রেফতার করা হয়। পরে জুয়ার বোর্ড থেকে ৩টি ডাবু, ১৮টি ফরগুটি, ১টি ফরদিসহ নগদ ৭ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে (৩/৪ ধারা) মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৯)। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর মো. আহনাফ তাহমিদকে। এলাকায় জুয়া ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com