ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বিভিন্ন মূল্যবান চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সামগ্রী।
বৃহস্পতিবার (৫ জুন) ভোরে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বরাতীপুর গ্রামের মো. নূর আলম (৩৪) ও মো. শাকিরুল ইসলাম (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ মে রাতে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর মডেল মোড় এলাকায় অবস্থিত বুলাকীপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তিনটি কক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে কর্মকর্তা-কর্মচারীরা এসে তালা ভাঙা দেখতে পান। চোরচক্রটি সিলিং ফ্যান, স্টেরিলাইজার ড্রাম, ফোর-বার্নার চুলা, বেবি ও অ্যাডাল্ট ওয়েট মেশিন, সাকার মেশিন, অটো গ্রাইন্ড মেশিনসহ প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকার মালামাল লুট করে।
তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াজিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে প্রথমে নূর আলমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে বাড়িতে অভিযান চালিয়ে সাকার মেশিন, বেবি ওয়েট মেশিন ও স্টেরিলাইজার ড্রামসহ বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তিতে সকাল ৮টার দিকে সহযোগী শাকিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরির মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ তদন্তে নামে। দ্রুততম সময়ে মালামাল উদ্ধারসহ দুই আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com