বেবিয়ারা খাতুন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপির বিশেষ টহলদল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাপাড়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।এর আগে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে একই বিওপির আরেকটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।দুই অভিযানে মোট ১২২ বোতল এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫১ হাজার ৭০০ টাকা।বিজিবি জানায়, জব্দকৃত এস্কাফ সিরাপ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। অপরদিকে জব্দ হওয়া মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি জুলাই মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে ১ জন আসামিসহ ২৬৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪৬ বোতল মদ এবং ২১টি মোবাইল ফোন জব্দ করেছে। এসব জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫ হাজার টাকা।চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ পুশ-ইন প্রতিরোধ, চোরাচালান দমন এবং সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

