বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছেলে রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ-সংক্রান্ত একটি ঘোষণাপত্র তৈরি করা হয়।
ঘোষণাপত্রে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, ছেলের রাজনৈতিক কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে তিনি তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের ইদ্রিস মৃধার ছেলে রাহাত মৃধা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও তার রাজনৈতিক অবস্থান নিয়ে পরিবারে অসন্তোষ তৈরি হয় বলে জানা গেছে।
ইদ্রিস মৃধা বলেন, “আমার অবাধ্য হওয়ায় তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে রাহাত মৃধা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও আমার কোনো সমস্যা নেই।
তবে ছেলের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com