
এস.এম.রিয়াদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শহরের আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। রবিবার সকালে ট্রাকটিতে আগুন দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
৫১ সেকেন্ডের ওই ভিডিওতে আড়ুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনের চাকায় দুই যুবক আগুন ধরিয়ে দেয়। তাদের একজন মাথায় হেলমেট পরিহিত ছিলেন। আগুন দেওয়ার পর একজনকে ‘জয় বাংলা’ বলতে শোনা যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি—রাত সাড়ে ৩টার দিকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বিপণন প্রতিষ্ঠানের পণ্যবাহী (খুলনা মেট্রো) ট্রাকের চাকায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
সে সময় গাড়ির ভেতর চালক ও সহকারী ঘুমাচ্ছিলেন। তারা টের পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ভোরে চালক ট্রাক নিয়ে চলে যান।
ওসি আরও বলেন, ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com