
জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর পৃথক দুটি অভিযানে বড় ধরনের নাশকতা ও মানব পাচারের ছক ভেস্তে গেছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, আইইডি (IED) ও বোমা তৈরির সরঞ্জামসহ দুজনকে আটক করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে সমুদ্র পথে বিদেশে পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা আটজন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
অটো রিকশায় ড্রাম ও সিলিন্ডারে লুকানো অস্ত্র-বিস্ফোরক
বিজিবি সূত্রে জানা গেছে, নাশকতা মূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ২১ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে টেকনাফের বটতলী থেকে পর্যটন পাড়া আদর্শ গ্রাম পর্যন্ত পাঁচটি চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আদর্শ গ্রামের কাঁচা রাস্তা দিয়ে আসা দুটি অটো রিকশাকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। ইজিবাইক বা অটোরিকশায় বহনকৃত মালামাল সম্পর্কে চালকদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, এসব মালামাল সামনের মোটর সাইকেল আরোহীদের। এরপর মোটর সাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য বিজিবি সদস্যরা এগিয়ে গেলে তারা মোটর সাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি টহলদল শটগান দিয়ে ফাঁকা ও সতর্কতা মূলক গুলি ছোড়ে। এক পর্যায়ে মোটর সাইকেলে থাকা তিনজন মোটর সাইকেলটি ঘটনা স্থলে ফেলে রেখে রাতের অন্ধকারে পালিয়ে যান।
পরবর্তীতে আটক করা দুটি অটোরিকশা ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়। সেখানে যানবাহন দুটি পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রামে এবং এলপিজি গ্যাস সিলিন্ডারের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় আগ্নেয়াস্ত্র, আইইডি ও বোমা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক এবং ৯.৯৬ মিমি ক্যালিবারের ২৫৪ রাউন্ড গুলি। এ ছাড়া বোমা তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, ৮ কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, দুটি অটোরিকশা, একটি মোটর সাইকেল, উন্নত মানের এক সেট টুল বক্স এবং ৫৪ পিস দিয়াশলাই বক্স উদ্ধার করা হয়েছে।
বিস্ফোরক ও অন্যান্য উপকরণের মধ্যে রয়েছে—৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গান পাউডার, মোটা দানার ১ কেজি ৮৫২ গ্রাম বিস্ফোরক দ্রব্য, মাঝারি দানার ২ কেজি ৭০৮ গ্রাম বিস্ফোরক দ্রব্য, মিহি দানার ২ কেজি ৪৯ গ্রাম বিস্ফোরক দ্রব্য, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল এবং ৩ কেজি পেরেক।
এ ঘটনায় আটক দুজন হলেন—টেকনাফের নতুন পল্লান পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)। বিজিবি জানায়, আটক ব্যক্তি, জব্দকৃত অস্ত্র-বিস্ফোরক ও যানবাহনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে লেঙ্গুরবিলে যৌথ বাহিনীর অভিযানে ৮ রোহিঙ্গা জিম্মি উদ্ধার করা হয়,
এই বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আজ রোববার ২২ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফের লেঙ্গুরবিল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, সমুদ্র পথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছিল।
যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানব পাচারকারী চক্রের সদস্যরা এবং কয়েকজন ভুক্তভোগী পালিয়ে যেতে সক্ষম হন। তবে অভিযানস্থল থেকে পাঁচজন নারী, দুজন পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজন জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
আইএসপিআর আরও জানায়, উদ্ধারকৃত সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য এবং তাঁরা এফডিএমএন ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা। অভিযান শেষে উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
*সীমান্তের দুই প্রান্তে দুই ঝুঁকি*
কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একদিকে যেমন অস্ত্র ও বিস্ফোরক চোরাচালানের তৎপরতা উদ্বেগ বাড়াচ্ছে, তেমনি সাগর পথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারের ঝুঁকিও কমছে না।
সংশ্লিষ্ট সূত্র ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গ্যাস সিলিন্ডার বা প্লাস্টিকের ড্রামের মতো দৈনন্দিন ব্যবহার্য বস্তুর আড়ালে বিস্ফোরক ও অস্ত্র পরিবহনের কৌশল আইন শৃঙ্খলা বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে কক্সবাজারের পর্যটন এলাকা ও জনবহুল পথ গুলো দিয়ে এ ধরনের চালান যাওয়ার চেষ্টা জননিরাপত্তার দিক থেকে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়ায়।
অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে অবস্থানরতদের একটি অংশকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সাগরপথে বিদেশে পাচারের চেষ্টা দীর্ঘদিন ধরেই চলছে। দালালচক্রের হাতে জিম্মি হওয়ার পর অনেককে উদ্ধার করা গেলেও চক্রের মূল হোতাদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এবং পলাতক অন্য জিম্মিদের সন্ধান পাওয়াটা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। ফলে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি চোরাচালান ও মানবপাচার—উভয় নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com