এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে হাসান আহমেদ (৪৫) ওরফে ‘কালা হাসান’ নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত হাসান এক সময় ক্যাম্পের কুখ্যাত ‘জকির গ্রুপের’ সক্রিয় সদস্য ছিলেন। আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নয়াপাড়া ক্যাম্পের এইচ-ব্লকে এই হামলার ঘটনা ঘটে। নিহত হাসান ওই ব্লকের ৬৩৪ নম্বর ঘরের বাসিন্দা ও সুলতান আহমেদের ছেলে। ক্যাম্পে তাঁর এমআরসি নম্বর ৩৯২২৫।
এপিবিএন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে মোচনী রেজিস্টার্ড ক্যাম্প কমিটির এক সদস্য আলোচনার কথা বলে হাসানকে বাসা থেকে ডেকে নেন। হাসান এইচ-ব্লকে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসী সাদ্দাম হোসেন ও তাঁর ৮-১০ জন সহযোগী তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হাসানের বুকের ডান পাশে গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলার পর অস্ত্রধারীরা পশ্চিম পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
রোহিঙ্গারা তাঁকে উদ্ধার করে প্রথমে ক্যাম্প সংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার গণমাধ্যম কে বলেন, “প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে—ক্যাম্পের আধিপত্য বিস্তার, মসজিদ কমিটি নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার খবর পেয়ে এপিবিএনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
পুলিশ জানিয়েছে, নিহত হাসানের বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতি প্রস্তুতির মামলা এবং দুটি অপহরণ মামলাসহ অন্তত সাতটি মামলা বিচারাধীন রয়েছে।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, আজ শুক্রবার সকালে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনায় সাধারণ শরণার্থীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের রোহিঙ্গা নেতা জাফর আলম বলেন, সন্ত্রাসীদের এসব কর্মকাণ্ডে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com