সজিব আহমেদ, ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ইং
বাংলাদেশকে পুরোপুরি নগদবিহীন বা ক্যাশলেস করার জাতীয় লক্ষ্যকে সামনে রেখে আজ ০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ময়মনসিংহের ভালুকা উপজেলায় পূবালী ব্যাংক পিএলসির স্থানীয় শাখার উদ্যোগে দিনব্যাপী এক বিশেষ 'ক্যাশলেস ভালুকা' ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সর্বজনীন ডিজিটাল লেনদেন ব্যবস্থা বা 'বাংলা কিউআর' প্রযুক্তির সাথে অভ্যস্ত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপ মহা ব্যবস্থাপক মোঃ হুমায়ুন মিয়া, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদ হাসান সোহেল এবং পূবালী ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা ব্যবস্থাপক প্রতিমা রানী বণিক। এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভালুকা উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ভালুকা শাখার ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ।
বক্তারা বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আগামী দিনে কাগুজে নোটের ব্যবহার কমিয়ে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম শক্তিশালী করতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। 'এক দেশ এক কিউআর' স্লোগানকে ধারণ করে বাংলা কিউআর কোডের মাধ্যমে এখন যেকোনো ব্যাংকের অ্যাপ কিংবা বিকাশ ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের সাহায্যে নিরাপদ লেনদেন সম্ভব। এটি অনানুষ্ঠানিক অর্থনীতিকে মূল ধারায় আনতে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজে ব্যাংকিং সেবার আওতায় আনতে বড় ভূমিকা রাখবে।
দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য আকর্ষণীয় কিছু সুযোগ-সুবিধা প্রদান করা হয়। এর মধ্যে অন্যতম ছিল কোনো ধরনের প্রাথমিক জামানত বা টাকা ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা। নতুন অ্যাকাউন্টধারীদের জন্য ব্যাংকের আধুনিক মোবাইল ব্যাংকিং অ্যাপস এবং ফ্রি ডেবিট কার্ডের তাৎক্ষণিক সুবিধা দেওয়া হয়। এই ডিজিটাল সেবাটি নিতে গ্রাহকদের শুধুমাত্র তাদের নিজস্ব স্মার্টফোনে জাতীয় পরিচয়পত্রের ছবি, আবেদনকারীর ছবি এবং নমিনির ছবি প্রদর্শনের প্রয়োজন ছিল।
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য এই ক্যাম্পেইনে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুবিধার্থে ডেবিট কার্ডের পাশাপাশি একটি করে সমন্বিত বাংলা কিউআর কোড সরবরাহ করা হচ্ছে, যার মাধ্যমে যেকোনো গ্রাহক ডিজিটাল পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া বড় ও প্রাতিষ্ঠানিক লেনদেন সহজ করতে আগ্রহী ব্যবসায়ীদের জন্য আধুনিক পয়েন্ট অব সেলস বা পিওএস মেশিন নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com