মোঃ ইয়াছিন আকাশ, চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান ও রাজপথের সক্রিয় ছাত্রনেতা মো. ইব্রাহিম মির্জা।
গত সোমবার (৪ মে) অনুমোদিত এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ার পর তিনি দেশ ও জাতি গঠনে নিজের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে নিজের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইব্রাহিম মির্জা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মাঠপর্যায়ে থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও সেই ধারা অব্যাহত থাকবে। তাকে এই পদে মূল্যায়ন করায় তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এবং বিশেষ করে কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করে বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদের সন্তান ইব্রাহিম মির্জা জানান, তার রাজনীতির শুরু হয় ২০০১ সালে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে থাকাকালীন। সে সময় স্থানীয় ছাত্রনেতা ইদ্রিস পানু, মিসকাত আহমদ ও বাহাদুর খাদেমির দিকনির্দেশনায় তিনি ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। বিগত সরকারের শাসনামলে প্রতিটি আন্দোলন-সংগ্রামে সম্মুখসারিতে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন।
পরবর্তীতে ২০১৮ সালে ঢাকায় স্থানান্তরের পর থেকে মোহাম্মদপুর এলাকায় ছাত্রদলের প্রতিটি সাংগঠনিক কর্মসূচি ও রাজপথের আন্দোলনে অত্যন্ত সক্রিয়ভাবে মাঠে ছিলেন এই ছাত্রনেতা। সেখানে কেন্দ্রীয় নেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার সান্নিধ্যে তার রাজনৈতিক পথচলায় নতুন মাত্রা যোগ হয়।
নব মনোনীত এই সহ-সভাপতি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনেও রাজপথে সক্রিয় থেকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং একটি সুন্দর ছাত্ররাজনীতি উপহার দিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com