মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোণার মদনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হারুন চৌধুরী (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা ও ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রাম পাশাপাশি অবস্থিত। কৃষি জমিতে কাজের শ্রমিক খোঁজার উদ্দেশ্যে রবিবার সন্ধ্যায় হারুন চৌধুরী রুদ্রশ্রী গ্রামে যান। সেখানে স্থানীয় শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে শাহাবুদ্দিনসহ কয়েকজন মিলে হারুন চৌধুরীকে মারধর করে গুরুতর আহত করে।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা পলক চৌধুরী জানান, ‘আমার চাচা শ্রমিক খোঁজার জন্য পাশের গ্রামে গিয়েছিলেন। সেখানে শাহাবুদ্দিনসহ কয়েকজন লোক মিলে তাকে মারধর করে। হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।’
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তায়েব হোসেন বলেন, ‘হারুন চৌধুরী নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জানান, ‘একজন কৃষককে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com