এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত দলীয় মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে সংসদ সদস্য (এমপি) হওয়া নিশ্চিত করেছেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। তিনি বর্তমানে কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তাঁর এই অর্জনে কক্সবাজারের রাজনৈতিক ও আইনি অঙ্গনে বইছে আনন্দের জোয়ার।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শামীম আরা স্বপ্না শুধু একজন নেত্রীই নন, বরং কক্সবাজার শহরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে তিনিই প্রথম নারী সংসদ সদস্য হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন। এর আগে এই জেলা থেকে যাঁরা নারী সংসদ সদস্য হয়েছিলেন, তাঁদের পৈতৃক নিবাস ছিল শহরের বাইরে কিংবা অন্য জেলায়।
তৃণমূল থেকে রাজপথের লড়াই
বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা এই নেত্রী তৃণমূল থেকে উঠে এসেছেন। রাজপথের রোদে পোড়া আর বৃষ্টিতে ভেজা এই ত্যাগী নেত্রী জেল-জুলুম সহ্য করেও দলের হাল ছাড়েননি। বিগত সরকারের আমলে তিনটি রাজনৈতিক মামলার আসামি হয়েও তিনি সাধারণ নেতা-কর্মীদের আইনি লড়াইয়ে সাহস জুগিয়েছেন। বিনা পারিশ্রমিকে অসংখ্য নেতা-কর্মীকে কারামুক্ত করতে তিনি যে ভূমিকা রেখেছেন, তা জেলা বিএনপিতে তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
"আমি নারী ও এলাকার উন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমি কাজের মাধ্যমেই দিতে চাই।
বর্ণাঢ্য শিক্ষা ও রাজনৈতিক জীবন
কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়ার এক ঐতিহ্যবাহী পরিবারে জন্ম নেওয়া শামীম আরা স্বপ্না মরহুম আবুল খায়ের ও মরহুমা ফাতেমা খাতুনের কন্যা। তাঁর শিক্ষাজীবনের উল্লেখযোগ্য মাইলফলকগুলো হলো:
এসএসসি: কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১৯৭৬)। এইচএসসি: কক্সবাজার সরকারি কলেজ (১৯৭৮)। উচ্চশিক্ষা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর (১৯৮৪)। বিশ্ববিদ্যালয় জীবনেই তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন।
দেশের প্রথম নারী পিপি
আইন পেশাতেও শামীম আরা স্বপ্নার ক্যারিয়ার ঈর্ষণীয়। ১৯৮৬ সালে তিনি আইন পেশায় যোগ দেন। ১৯৯১-৯৬: জেলা ও দায়রা জজ আদালতের এপিপি। ২০০১-০৭: দেশের প্রথম নারী পিপি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন।
দলের কাণ্ডারি
তিনি দীর্ঘ সময় জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দলকে সুসংগঠিত রাখতে দিনরাত কাজ করে যাচ্ছেন।
ব্যক্তিগত জীবন
ব্যক্তিগত জীবনে তিনি বিশিষ্ট ক্রীড়াবিদ ও মহেশখালী কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিনের সহধর্মিণী। তাঁদের একমাত্র সন্তান মিনহাজ উদ্দিন মিশুক বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রবাসী। কক্সবাজারের মাটি ও মানুষের সাথে মিশে থাকা এই নেত্রীর সংসদ সদস্য হিসেবে অভিষেক এখন শুধু সময়ের অপেক্ষা। স্থানীয়রা মনে করছেন, শামীম আরা স্বপ্নার এই অর্জন অবহেলিত নারী সমাজ ও কক্সবাজারের উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com