মোঃ রাকিব হাসান পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে অবস্থিত তেঁতুলিয়া ফিলিং স্টেশনে টাকা দিয়েও পেট্রোল ও অকটেন না পাওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও মোটরসাইকেল চালকরা।
স্থানীয়দের অভিযোগ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ একটি বিলবোর্ড ঝুলিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তেল সরবরাহের সময় নির্ধারণ করলেও অনেক সময় নির্ধারিত সময়ের আগেই তেল দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এছাড়া দীর্ঘ যানজটের মধ্যেও গ্রাহকদের মাত্র ১০০ টাকার তেল দেওয়া হচ্ছে, এর বেশি তেল দেওয়া হচ্ছে না।
সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ফিলিং স্টেশনে পেট্রোল, ডিজেল ও অকটেন মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকদের সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। কেউ ১০০ টাকার বেশি তেল চাইলে অনেক সময় মেশিন বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
একজন ভুক্তভোগী জানান, “আমরা বাইক কিনেছি চলাচলের জন্য। আমার প্রায় ৭০ কিলোমিটার যেতে হয়। কিন্তু আমার বাইকের মাইলেজ লিটারপ্রতি প্রায় ৪০ কিলোমিটার। ১০০ টাকার তেল দিয়ে এত দূর যাওয়া সম্ভব না। তাহলে কি বাকি পথ আমাদের হেঁটে যেতে হবে।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, ফিলিং স্টেশনের মালিক আজাদ হোসেন নিজেই পাম্পে দাঁড়িয়ে তেল সরবরাহ তদারকি করেন এবং ১০০ টাকার বেশি তেল না দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি বেশি ভিড় এড়াতে পাম্পের সামনে রশি দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে।


