মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোনার দূর্গাপুরে অসহায় শুক্কুরি বেগমের (৭০) হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন বিএনপির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে নির্মিত আধাপাকা এই বাড়ি শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
দূর্গাপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের খুজিউড়া গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপির সভাপতি মো. জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গনি, পৌর যুবদলের সদস্য খান সুমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সানী ঢালী, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমসহ আরও অনেকে।
বিএনপির নেতারা জানান, শুক্কুরি বেগম কয়েক বছর ধরে একে একে স্বামী, এক ছেলে ও তিন মেয়েকে হারিয়ে ভিক্ষা করে খুপরি ঘরে দিন কাটাচ্ছিলেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। তিনি দ্রুত ব্যবস্থা নিয়ে গৃহহীন শুক্কুরি বেগমের জন্য একটি আধাপাকা ঘর নির্মাণের নির্দেশ দেন।
এরপর বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের তত্ত্বাবধানে শুক্কুরি বেগমের ভাঙা ঘরের পাশে নতুন ঘর নির্মাণ করা হয়। শুক্রবার দুপুরে সেই ঘর আনুষ্ঠানিকভাবে তার হাতে তুলে দেওয়া হয়।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত শুক্কুরি বেগম মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, “আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ব্যারিস্টার কায়সার কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com