মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুমোদন ছাড়া অবৈধভাবে ডিজেল মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৫ ব্যারেল ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা১০ মিনিট থেকে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার ভেরেন্ডি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির আহমেদ রোবেল এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেরেন্ডি বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় লাইসেন্স ছাড়া দোকান ও গোডাউনে অবৈধভাবে ১৫ ব্যারেল ডিজেল মজুদ রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় 'বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬'-এর ৪ নম্বর ধারা লঙ্ঘনে ২০ (ঙ) ধারায় চৌধুরী ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোঃ হুমায়ুন চৌধুরীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে তার গোডাউন থেকে অবৈধভাবে মজুদ রাখা আনুমানিক ৩ লাখ ৪৯ হাজার ২৯০ টাকা মূল্যের ১৫ ব্যারেল ডিজেল জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত তেল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিকটস্থ ধানসুরা ফিলিং স্টেশনে বিক্রি করা হয় এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশ দেন আদালত।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লাইসেন্স ও আইনগত অনুমোদন ছাড়া জ্বালানি তেল মজুদ বা বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com