
নিজস্ব প্রতিবেদক :-
বুধবার সকাল ৯ টার কাছাকাছি। নোয়াখালীর পৌর শহর মাইজদি বাজারে বাজার করতে এসেছেন গোলাম রসুল নামে একজন ক্রেতা একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন তিনি। স্ত্রী ২ সন্তান নিয়ে শহরের একটি ফ্লাটে ভাড়া থাকেন। পরিবারের জন্যই বাজার করতে এসেছেন তিনি। সেখানে কথা হয় গোলাম রসুলের সঙ্গে।
গোলাম রসুল বলেন, ‘আমি এখন যে বেতন পাই সেই টাকায় পরিবার নিয়ে চলতে অনেকটাই হিমশিম খেতে হয় । বর্তমানে দ্রব্যমূল্যের যে অবস্থা সেখানে পরিবার তো দূরের কথা একজনের ভালোভাবে থাকাই কষ্টকর। বর্তমান বাজারমূল্যে, বাড়ি ভাড়া, নিজের খরচ নিয়ে একটি পরিবারের খুবই নিম্নভাবে চললেও ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। আমাদের মতো চাকুরীজীবীর যে বেতন তাতে করে নিজে চলতেই কষ্ট হয়। পরিবার নিয়ে তো থাকার কথাই চিন্তা করতে পারি না।’
তিনি বলেন, ‘মানুষের জীবনধারণের ব্যায় আগের চেয়ে অনেক বেড়ে গেছে। গ্যাস, বিদ্যুৎ, বাড়ি ভাড়া, পরিবহন খরচ সব বাড়তির দিকে। আমাদের কিন্তু বেতন বাড়েনি। সামনে ডিসেম্বর বেতন বাড়বে কি না তাও জানিনা। আমাদের মতো যারা ছোট চাকরি করে নিজের জন্ম ভূমিষ্ঠ হয়ে অন্য জায়গায় বাস করছে তাদের এখন বুকচাপা কান্না ছাড়া আর কিছুই নেই।’ আরও বলেন, ‘আগে যেখানে মাস গেলে বাড়িতে থাকা মা-বাবার জন্য অন্তত ৫-৭ হাজার টাকা পাঠাতে পারতাম, এখন সেই টাকা পাঠাতে দুই মাস লাগে। পরিবারে ছেলে-মেয়ের খরচ আছে। আমাদের জন্মদাতা মা/ বাবা, ভাই বোন সহ তাদেরও তো খরচ আছে,কিন্তু দ্রব্যমূল্য উগ্রগতির কারণে এখন আমরা হিমশিমের মধ্যে আছি।’
গোলাম রসুলের মতে, ‘এই যে আমি পরিবার-পরিজন নিয়ে থাকি। কিন্তু মাছ-মাংস ঠিকমতো কিনতে পারি না। সবজি, ডিম আর আলু খেয়েই আমরা কোনোমতে বেঁচে আছি।’
শুধু গোলাম রসুল নয়, তার মতো আরও সাধারণ মানুষ এখন জীবনযাত্রার ব্যায় মেটাতে হিমশিম খাচ্ছেন। বাজারে আসলে শতবার ভাবছেন কী কিনবেন আর কী কিনবেন না।
কথা হয় সোহরাব হোসেন নামের বাজারে আসা আরও একজনের সঙ্গে। তিনি জানান, পেশায় তিনি একজন চাকুরীজীবী। একটি কোম্পানির ছোট-খাটো ম্যানেজার।
তিনি বলেন, ‘আমাদের মতো সাধারণ মানুষের বাসা ভাড়া নিয়ে বসবাস করা কঠিন হয়ে গেছে। একদিকে যেমন জিনিসপত্রের দাম বেড়ে গেছে তেমনি অন্যান্য দিকের খরচও বেড়ে গেছে। কিন্তু বেতন আগের মতোই।’ আয় না বাড়লে জীবন কীভাবে চলবে— এমন প্রশ্ন করেন তিনি।
বাজারে আসা একজন সাধারণ ক্রেতা বলেন, ‘মানুষ কতটা কষ্টে আছে বাজারে না আসলে বোঝা যাবে না। মাছ, মাংসের বাজারে কারা যাচ্ছে আর কারা যাচ্ছে না— একটু দাঁড়ালেই টের পাওয়া যায়।’
এদিকে বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম কিছুটা কমে গত কয়েকদিনের মতো এখনও স্থিতিশীল রয়েছে।
বাজারে আলু ৩০, পটল ৫০, বেগুন ৬০-১০০, সিম ৬০-৭০, ভেন্ডি ৫০, টমেটো ১৩০, পেঁপে ২৫, করলা ৮০, বরবটি ৮০, ঝিঙা ৮০, চিচিঙ্গা ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস ফুলকপি ৩০ ও বাঁধাকপি ৩০-৪০ টাকা, লাউ ৪০-৫০, কাঁচা কলা ৪০ টাকা প্রতি হালি, লালশাক প্রতি আঁটি ১৫, কলমিশাক ২০, পুইশাক ৩০ টাকা। ডিমের মধ্যে লালডিম ১৩৫- ১৪০, সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে।
রুই মাছ ৩৮০ টাকা থেকে শুরু ৪৮০ টাকা পর্যন্ত। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮২০ টাকা কেজি, খাসির মাংস ১২০০ টাকা। ব্রয়লার কেজি প্রতি ১৯০, কক ৩৩০, দেশি ৬৬০ টাকা।
চৌমুহনী বাজারে আসা ক্রেতা রাসেল সরকার বলেন, ‘সবজির বাজার কমে যাওয়ায় আমরা একটু কিনতে পারছি। কয়েকদিন তো সবজির বাজারেও যাওয়া যাচ্ছিল না। কিন্তু মাছ, মাংসসহ অন্যান্য পণ্যের দাম এখনও অনেক বেশি।’
তিনি বলেন, ‘মাছের বাজার কোনোভাবে স্থিতিশীল হচ্ছে না। বাড়তেই আছে। চিংড়িসহ সব মাছের দাম বাড়তি। ইলিশ মাছও ৮০০ টার নিচে নাই। যেটি ৮০০ টাকা কেজি সেটি জাটকার চেয়ে একটু বড়।’
রোকয়া বেগম নামে এক গৃহিনী বলেন, ‘বর্তমানে আমরা সবজির ওপরই নির্ভরশীল। সবসময় তো আমরা মাছ-মাংস কিনতে পারি না। সেই সামর্থ্যও নাই।’ বিক্রেতারা বলছেন, ‘দাম বাড়া বা কমাতে তাদের কোনও হাত নেই। পাইকারি বাজারে দাম কমলে তারা কম দামে বিক্রি করতে পারেন। আর দাম বাড়লে তাদের বেশি দামেই বিক্রি করতে হয়।
বাজারে আসার নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের সাথে কথা বললে জানা যায় বাজারে দ্রব্যমূল্য অগ্রগতির কারণ বাজারে মনিটরিং না থাকা এবং প্রশাসনের নজরদারি না থাকার কারণে বাজারের কিছু অসাধু ব্যবসায়ী বাজার সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে। সাধারণ মানুষের দাবি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারে সর্বদায় ভোক্তা অধিকার, নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়ন্ত্রিত মোবাইল বাজার কমিটির লোকদের নজরদারি বাড়াতে হবে। তাতে করে ক্রেতারা কিছুটা হলেও বাজারের সিন্ডিকেট থেকে মুক্তি পাবে। বিভিন্ন কাঁচা বাজারে এই প্রতিবেদন তৈরি করতে গিয়ে ক্রেতাদের সাথে কথা বললে তারা বলেন লাগামহীন কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্য বাজারের ব্যবসাহীদের কাছে আমরা সাধারণ ক্রেতা জিম্মি।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com