
মোঃ রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি।
উন্নয়নমুখী কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নীলফামারীর জলঢাকা উপজেলায় আরডিআরএস বাংলাদেশ-এর ২৯০তম শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম এলাকায় সংস্থার নিজস্ব সম্পত্তিতে এ শাখার যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার পরিচালক (মাইক্রোফাইন্যান্স) তারিক সাঈদ হারুন, হেড অব জেনারেল সার্ভিসেস নজরুল গনি এবং বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিআরএস নীলফামারীর রিজিওনাল ম্যানেজার আমিনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান বলেন, নতুন এই শাখার মাধ্যমে শিক্ষা, ক্ষুদ্র ঋণ, কৃষিখাত, স্যানিটেশন, আর্থিক ও সামাজিক সেবাসহ নানা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কার্যক্রমের মাধ্যমে এলাকার প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষ যেন অর্থনৈতিকভাবে উপকৃত হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
সভাপতির বক্তব্যে রিজিওনাল ম্যানেজার আমিনুর রহমান জানান, বর্তমানে নীলফামারী জেলায় আরডিআরএস-এর ২৩টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। শালনগ্রাম শাখাটি চালু হওয়ায় জেলায় সংস্থার মোট শাখার সংখ্যা দাঁড়াল ২৪টিতে। এ শাখার মাধ্যমে অন্যান্য এলাকার মতো এখানকার জনগণও সংস্থার সব ধরনের সুবিধা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী দিনে কৃষি খাতে ১১ জন সদস্যের মাঝে মোট ৫ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com