
মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ
নেত্রকোণা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণ উদ্যোগের অংশ হিসেবে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তেরি বাজার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণা পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে বর্ণিত এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়। একই সঙ্গে সড়কে অবৈধভাবে পার্কিং করা অটো, ভ্যান, মোটরবাইক, ফল ও সবজির দোকান ইত্যাদি সতর্কতামূলকভাবে সরিয়ে দেওয়া হয়।
অভিযান চলাকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান উপস্থিত থেকে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দোকানদারদের নিজ নিজ দোকানের সামনে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার নির্দেশ দেন এবং পুনরায় দখলের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেন।
এ সময় নেত্রকোণা পৌরসভার প্রশাসক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান আসিফসহ কালেক্টরেটের সহকারী কমিশনাররা উপস্থিত ছিলেন।
শহরের সৌন্দর্য, শৃঙ্খলা ও নাগরিক জীবনমান উন্নয়নে প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে। প্রশাসনের এ উদ্যোগ সফল ও বেগবান রাখতে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com