মোঃ আবদুল মোতালেব
জেলা প্রতিনিধি নোয়াখালী :–
আজ ২৬ জুন শুক্রবার নোয়াখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- নোয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব তাসলিমুন নেসা।
দিবসটির সূচনায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারের ভয়াবহতা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


