এম কে হাসান, জেলা প্রতিনিধি কক্সবাজার
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে নৌবাহিনীর বিশেষ দল ‘সোয়াড’ (SWAD) এক দুঃসাহসিক ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ করেছে। গত রবিবার ২৬ এপ্রিল দিবাগত গভীর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় জনৈক দেলোয়ার হোসেনের বসতবাড়িতে এই সফল অভিযান পরিচালিত হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সাইফুল ইসলাম ওরফে ‘ভুট্টু সাইফুল’ তার অবৈধ অস্ত্র ও মাদকের বিশাল চালান হ্নীলার দেলোয়ার হোসেনের বাড়িতে পাচারের উদ্দেশ্যে মজুত করেছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর নৌবাহিনীর স্পেশাল ফোর্স ও দুটি আভিযানিক দল অত্যন্ত পেশাদারিত্বের সাথে এলাকাটি ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে।
দীর্ঘ সময় ধরে চলা এই অভিযানে উদ্ধার করা হয়েছে- ২টি জি-৩ (G-3) রাইফেল, ১টি এম-১ (M-1) রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গোলাবারুদ, ১০ রাউন্ড খালি কার্তুজ এবং ২৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত এই বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক পাচারের উদ্দেশ্যে সেখানে জমা করা হয়েছিল। অভিযান সফল হলেও সংশ্লিষ্ট আসামীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত মালামাল সমূহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, মাদক ও অস্ত্র পাচারের এই রুটটি বন্ধে নৌবাহিনীর এমন নিয়মিত ও শক্তিশালী অভিযান সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অপরাধীদের গ্রেফতারে অভিযান আরও জোরালো করা হবে বলেও নিশ্চিত করেছে নৌবাহিনী কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক: মো: সাইফুল ইসলাম|
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১৮৮, এম জে টাওয়ার (৮ম তলা), ফকিরাপুল (বড় মসজিদের পাশে) মতিঝিল, ঢাকা-১০০০। মোবাইল:- ০১৯১৯৯২০০৫৮, ০১৮১৯৯২০০৫৮, ই মেইল: gomtirbarta@gmail.com