এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান–২০২৬ উপলক্ষে কুষ্টিয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু করতে জেলার রাজনৈতিক, ব্যবসায়িক ও পরিবহন নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা, এমপি। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
সভা সূচনায় পুলিশ সুপার সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, রমজান মাসে বাজার ব্যবস্থাপনা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ, যানজট নিরসন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুফতি আমির হামজা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মোঃ হাসান ইমাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় অংশগ্রহণকারীরা রমজান মাসে যানজট নিরসন, বাজার মনিটরিং জোরদার, ছিনতাই ও চুরি প্রতিরোধ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে বিভিন্ন মতামত প্রদান করেন। আলোচনা শেষে আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।


